জামালপুরে যুবদলের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে অসহায় মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মাদারগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমানের সভাপতিত্বে চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান এবং ৬ নম্বর আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মেলেটারিসহ স্থানীয় নেতারা।
আয়োজকেরা জানান, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গ্রামের প্রান্তিক পর্যায়ের অসহায় ও দুস্থ মানুষের কাছে বিনা মূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁরা বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা শিবিরের কার্যক্রম শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে। দিনব্যাপী এ শিবিরে চক্ষু, মেডিসিন ও স্ত্রীরোগ বিষয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়।
১১৪ বার পড়া হয়েছে