ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পোস্টাল ব্যালটসহ ১৮৫টি কেন্দ্রের সব কটির ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম তাঁর বিজয় ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার দেওয়া ফলাফল অনুযায়ী, পোস্টাল ব্যালটসহ আসনটির ১৮৫টি কেন্দ্রের সব কটির ভোট গণনা শেষে মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
আগামীকাল সরকারি গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, র্যাব, বিজিবি ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন।
নির্বাচনে চারজন বিদেশি পর্যবেক্ষকসহ মোট ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের কথা ছিল।
এ উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই এবং জেলা বিএনপির সভাপতি।
অন্য প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে শূন্য আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়।
১৩২ বার পড়া হয়েছে