সিলেট ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৪:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বিরোধের ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বুধবার (২৮ অক্টোবর) রাতে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হন। তাঁরা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বিরোধের ঘটনা ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিক আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাতে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকেরা হলেন স্থানীয় দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের সাংবাদিক নিবেন্দু তালুকদার। তাঁরা বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার রাতে হাসপাতালের এক রোগীর পায়ের অস্ত্রোপচারকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে তাঁর স্বজনদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রোগীর দুই স্বজনকে মারধর করে আটকে রাখার অভিযোগ ওঠে। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিকের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।
সাংবাদিক রেজা রুবেল বলেন, রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বিরোধ শুরু হলে তাঁরা ঘটনাটি ভিডিও করতে যান। এ সময় চিকিৎসকেরা তাঁদের মারধর করেন এবং তাঁর মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি।
রেজা রুবেল বলেন, ‘আমরা বারবার নিজেদের সাংবাদিক পরিচয় দিলেও তাঁরা মারধর চালিয়ে যান। বর্তমানে আমাদের চিকিৎসা চলছে।’
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, ওসমানী হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বিরোধ হয়। এ সময় রোগীর দুই স্বজনকে আটকে রাখা হয়েছিল। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
ওসি আরও বলেন, এরপর কয়েকজন ইন্টার্ন চিকিৎসক এসে আবার ঝামেলায় জড়ান। এ ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার বিষয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. বদরুল আমিন বলেন, বিষয়টি নিয়ে মেডিকেলের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁরা বৈঠকে বসেছেন। পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি।
এদিকে, দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বুধবার রাতেই সিলেট নগরের চৌহাট্টা পয়েন্টে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা। এ সময় তাঁরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
১২৩ বার পড়া হয়েছে