সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় কক্সবাজারের পর্যটন হোটেল শৈবাল মিলনায়তনে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহিদুল আলম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে স্বাস্থ্যসম্মত আচরণ ছড়িয়ে দিতে হবে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নাসরুল্লাহ বলেন, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি পরস্পরের পরিপূরক। হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (কক্সবাজার সদর সার্কেল) মো. মাহমুদুল হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সিভিল সার্জন কার্যালয়ের সহকারী সার্জন ডা. আসিফ চৌধুরী, ইউনিসেফ কক্সবাজার ফিল্ড অফিসের প্রধান দীপিকা শর্মা, ইউনিসেফের ওয়াশ ফোকাল রাফায়েল নওরোজ, অক্সফামের ওয়াশ লিড মো. মনিরুজ্জামান এবং হাইসাওয়ার প্রকল্প ব্যবস্থাপক মো. এনামুল হক মন্ডল।

ইউনিসেফের প্রতিনিধি দীপিকা শর্মা শিশুদের মধ্যে স্বাস্থ্যসম্মত আচরণ গড়ে তোলা এবং বিদ্যালয়ভিত্তিক হাত ধোয়ার চর্চা জোরদার করার ওপর গুরুত্ব দেন। রাফায়েল নওরোজ হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার পাশাপাশি মানুষের আচরণগত পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ডা. আসিফ চৌধুরী বলেন, সঠিক সময়ে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান।

অক্সফামের মো. মনিরুজ্জামান ও হাইসাওয়ারের মো. এনামুল হক মন্ডল পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ ছাড়া হাত ধোয়া নিয়ে সচেতনতামূলক গান পরিবেশন ও কেক কাটা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১০ জন শিক্ষার্থী হাত ধোয়ার গুরুত্ব ও স্বাস্থ্যসচেতনতা নিয়ে বক্তব্য দেয়।

আয়োজকেরা জানান, দিবসটি উপলক্ষে বিদ্যালয়ভিত্তিক ‘হাত ধোয়ার নায়ক’ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীরা সহপাঠীদের হাত ধোয়ার বিষয়ে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত আচরণ চর্চায় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক-শিক্ষিকাসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিসেফের ওয়াশ কর্মকর্তা সাজেদা বেগম।

উল্লেখ্য, প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। এ বছর কক্সবাজারে দিবসটি উপলক্ষে ২৯ অক্টোবর কর্মসূচির আয়োজন করা হয়।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০