রাতে কমতে পারে তাপমাত্রা, চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় ২৩ অক্টোবরের কাছাকাছি সময়ে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশ রোদোজ্জ্বল থাকলেও বাতাসে আর্দ্রতার কারণে গরমের অনুভূতি তুলনামূলক বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।
আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। সমুদ্রবন্দরগুলোর জন্যও আপাতত কোনো সতর্কসংকেত নেই।
৩৩৭ বার পড়া হয়েছে