সর্বশেষ

আন্তর্জাতিক

ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, আহত ১৪১ পুলিশ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জীবনযাত্রার ব্যয়, জ্বালানির মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত করের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইতালি। শনিবার (১৭ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে শুরু হওয়া বিক্ষোভ রোববার আরও বড় আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪১ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা আহত হয়েছেন। দুই দিনে গ্রেপ্তার করা হয়েছে বহু বিক্ষোভকারীকে।

প্রতিবেশী দেশ ফ্রান্সের মতো ইতালিতেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘ইতালিয়া ইন পিয়াজ্জা’ ব্যানারে আয়োজিত এসব বিক্ষোভে জ্বালানির মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত করের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তবে কয়েকটি শহরে বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ইতালির সংবাদমাধ্যম স্কাই টিজি২৪-এর তথ্য অনুযায়ী, শনিবারের তুলনায় রোববার (১৮ অক্টোবর) বিক্ষোভের ব্যাপকতা ছিল বেশি। ওই দিন ১৯৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নেওয়া হয়। তাঁদের মধ্যে ৪৩ জনকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে শনিবার বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে হামলা ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ১২ জন অপ্রাপ্তবয়স্ক।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ও রোববারের বিক্ষোভে মিলানে প্রায় ৫ হাজার, তুরিনে ৩ হাজার, বোলোনিয়ায় ২ হাজার, ব্রেসিয়ায় ৬০০ এবং বেরগামোতে ৮০০ মানুষ অংশ নেন।

মিলানে বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর, বোতল, আতশবাজি ও ব্যারিকেড ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। এ সময় শহরের কেন্দ্রস্থলে বিভিন্ন দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ইতালির সামরিক পুলিশের একটি গাড়িও ধ্বংস করা হয়।

বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে মিলানে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতালির খুচরা বিক্রেতাদের সংগঠন কনফেকমেরচিওর বরাত দিয়ে স্কাই টিজি২৪ জানিয়েছে, বিক্ষোভের কারণে গত দুই দিনে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাঁচ লাখ ইউরোর বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন ডলারে এই ক্ষতির পরিমাণ ৫ লাখ ৬১ হাজার ৮৬০ ডলার।

তুরিনে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পেট্রোলবোমা হিসেবে পরিচিত ‘মলোটভ ককটেল’ বহনের অভিযোগে তিন অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়েছে।

বোলোনিয়ায় রেলওয়ে স্টেশনের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পাঁচ অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, পাথর ও ব্যারিকেড ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

মিলানের মেয়র জিউসেপ্পে সালা বলেছেন, বিক্ষোভকারীদের ক্ষোভের কারণগুলো বোধগম্য। তবে পুলিশ কর্মকর্তাদের ওপর সহিংসতা চালানো এবং শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

বোলোনিয়ার মেয়র মাত্তেও লেপোরেও বিক্ষোভ ঘিরে সহিংসতার নিন্দা জানিয়েছেন। যারা বিক্ষোভকে সহিংসতার অজুহাত হিসেবে ব্যবহার করছে, তাদের কাছ থেকে ইতালির তরুণ-তরুণীদের দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি জানিয়েছেন, তাঁর দল ‘লিগ’ পার্লামেন্টে একটি প্রস্তাব আবারও উত্থাপন করবে। প্রস্তাবটি অনুযায়ী, ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত বিক্ষোভ আয়োজনের ক্ষেত্রে সম্ভাব্য ক্ষয়ক্ষতি পূরণের জন্য আয়োজকদের আর্থিক নিশ্চয়তা দিতে হবে।

দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। বিক্ষোভের নামে সংঘটিত সহিংসতার দ্ব্যর্থহীন নিন্দা জানাতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবেও বিক্ষোভ করেছেন।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০