কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ও আহত
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কানাডার আলবার্টা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সামরিক বাহিনী ও স্থানীয় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে।
কানাডার আলবার্টা প্রদেশের গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণকেন্দ্র কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) ঘাঁটিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি। তিনি জানান, কানাডীয় সশস্ত্র বাহিনী স্থানীয় জরুরি সেবাদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ বলে উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে কানাডার কোনো সামরিক ঘাঁটিতে এ ধরনের বড় ট্র্যাজেডির ঘটনা ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সেখানে একটি গুরুতর ঘটনায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ক্ষতিগ্রস্ত সাহসী নারী ও পুরুষদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণকেন্দ্র। কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের তথ্য অনুযায়ী, এই ঘাঁটিতে নিয়মিত সরাসরি গোলাবারুদ ব্যবহার করে সামরিক মহড়া ও প্রশিক্ষণ পরিচালনা করা হয়। স্বাভাবিক সময়ে সেখানে প্রায় ৬৯০ জন সামরিক কর্মকর্তা ও সদস্য এবং ৩০০ জন বেসামরিক কর্মী দায়িত্ব পালন করেন।
ওয়েনরাইট মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন সামরিক ঘাঁটির নিরাপত্তাসীমানা অতিক্রম করে বাইরের জনবসতিপূর্ণ এলাকায় পৌঁছে যায়। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্তৃপক্ষ প্রথম এ দুর্যোগের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করে।
আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এ ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই অগ্নিকাণ্ড প্রদেশের সাহসী সামরিক সদস্যদের ওপর বড় ধরনের আঘাত হেনেছে। পরিস্থিতি মোকাবিলা এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রাদেশিক সরকার কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এদিকে উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে অগ্নিকাণ্ডের আশপাশের এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে অগ্নিনির্বাপণ ও জরুরি সেবার যানবাহন চলাচলের সুবিধার্থে রাস্তাঘাট উন্মুক্ত রাখার অনুরোধ জানানো হয়েছে।
১৬৯ বার পড়া হয়েছে