রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল চান্দিনার সাগরের
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার চান্দিনা উপজেলার মো. সাগর (২৫) নামের এক তরুণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন। গত শনিবার (১৭ অক্টোবর) রাশিয়া থেকে তাঁর এক বন্ধুর মাধ্যমে মৃত্যুর খবর পায় পরিবার। পরিবারের দাবি, রাশিয়ায় বেকারিতে কাজ করতে যাওয়া সাগরকে পরে রুশ সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে যুদ্ধে পাঠানো হয়েছিল।
কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট এলাকার তরুণ মো. সাগর (২৫) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিম্নবিত্ত পরিবারের সন্তান সাগর কিশোর বয়স থেকেই পরিবারের আর্থিক সহায়তার জন্য কাজ করতেন। উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে রিকশা-ভ্যান চালিয়ে তিনি পরিবারের খরচ জোগাতে সাহায্য করতেন।
২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওই দোকানের ম্যানেজারের সহযোগিতায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে কাজ শুরু করেন তিনি। পরে এক বাংলাদেশি দালালের সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই দালাল রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে তাঁকে এককালীন ৩০ লাখ টাকা পাওয়ার প্রলোভন দেখান।
পরিবারের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দেন সাগর। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গত শনিবার (১৭ অক্টোবর) রাশিয়া থেকে সাগরের এক বন্ধু তাঁর বোনকে ফোন করে মৃত্যুর খবর জানান। এ খবর পাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা শোকাহত।
সাগরের স্বজনেরা জানান, রাশিয়ার বেকারির চাকরি ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা জানালে তাঁরা তাঁকে নিষেধ করেছিলেন। তাঁদের অভিযোগ, দালাল ভুল তথ্য দিয়ে সাগরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করেছিলেন।
স্বজনেরা বলেন, ‘সাগর যখন রাশিয়ার বেকারিতে চাকরি ছেড়ে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরির কথা আমাকে জানায়, তখন তাকে নিষেধ করেছিলাম। ওই দেশের দালাল তাকে ভুল তথ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করেছে। শনিবার তার বন্ধু জানিয়েছে সাগর মারা গেছে।’
১৩৮ বার পড়া হয়েছে