কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৭:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের কলকাতার উত্তরাঞ্চলে চোরবাগান সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ বেশ কয়েকজন। আহত অন্তত ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তরাঞ্চলে দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্কে চোরবাগান সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপে এ ঘটনা ঘটে।
কলকাতা পুলিশের বিবৃতি অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মণ্ডপের বের হওয়ার গেটে এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে মণ্ডপে অতিরিক্ত ভিড় জমায় পদদলনের পরিস্থিতি তৈরি হয়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা দল ও চিকিৎসক দল পাঠানো হয়। আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে আপাতত মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারী ও একটি শিশু রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি পরিদর্শন করতে হাসপাতালে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব মনোজ আগরওয়াল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হুড়োহুড়ির সময় অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁদের মধ্যে কয়েকজনকে মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার পথ দুটিই ছিল সরু। এ ছাড়া ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। তাঁর মেয়ে ও নাতনি এ ঘটনায় আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
১৬১ বার পড়া হয়েছে