সুন্দরবনে ২৩০ টন কয়লাসহ কার্গো আটক, গ্রেপ্তার ৯
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবন থেকে অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগে ২৩০ মেট্রিক টন কয়লাবোঝাই একটি কার্গোসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ। সোমবার সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে কার্গোটি আটক করা হয়। জব্দ করা কয়লার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের ভোলা নদী থেকে ২৩০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গোসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ। ‘হাসান ভান্ডারী’ নামের কার্গোটি মোংলার জয়মনি এলাকা থেকে কয়লা নিয়ে সুন্দরবনের ভেতর দিয়ে পাথরঘাটার দিকে যাচ্ছিল।
বন বিভাগের টহল চলাকালে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে কার্গোটি আটক করা হয়। কার্গোর শ্রমিক-কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, এটি ভাড়া করে পাথরঘাটার আমুয়া এলাকায় নেওয়া হচ্ছিল। তবে কয়লা কেনার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কয়লাসহ কার্গোটি আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), মো. সুমন তালুকদার (২১), মো. নূর নবী হোসেন (৪২), মো. এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মো. মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও মো. কবির হোসেন (৪৫)। তাঁদের বাড়ি বাগেরহাটের মোংলা ও মোরেলগঞ্জ, পিরোজপুরের ভান্ডারিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে শরণখোলা থানায় পৃথক দুটি মামলা করেছে বন বিভাগ। বন কর্মকর্তা শ্যামা প্রশাদ রায় বাদী হয়ে মামলা দুটি করেছেন। জব্দ করা কয়লা ও আটক ব্যক্তিদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সরকারি বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
জব্দ করা ২৩০ মেট্রিক টন কয়লার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। বন বিভাগের ধারণা, মোংলার জয়মনি এলাকায় নোঙর করা মাদার ভেসেল থেকে অবৈধভাবে এসব কয়লা খালাস করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বন বিভাগ।
২৫৬ বার পড়া হয়েছে