ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, টাকা দাবি করলে সতর্কবার্তা
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে সোমবার (১২ অক্টোবর)। সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। এ কার্যক্রমে জনসচেতনতা তৈরিতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ টাকা চাইলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার।
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সরকারি সহায়তা বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।
এ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে সব এলাকার থানা ও পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
চিঠিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় এ-সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রচারণার বার্তায় জানানো হয়েছে, সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে সহায়তার প্রয়োজন বিবেচনা করা হবে। এ কারণে তথ্য সংগ্রহের সময় পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণায় সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার বার্তা প্রচার করা হবে। ঘোষণায় বলা হবে, ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে তা বিশ্বাস করা যাবে না। তথ্য দেওয়ার জন্য কোনো অর্থের প্রয়োজন নেই।
অন্যদিকে, মন্দির, গির্জা ও বিহারে দুই মিনিটের ঘোষণার মাধ্যমে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হবে। পাশাপাশি তথ্য সংগ্রহের সময় যেন কেউ বাদ না পড়েন, সে জন্য বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের খোঁজ নেওয়ার কথাও বলা হবে।
প্রচারণার বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ফ্যামিলি কার্ডের নাম অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানাতে হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
২৭০০ বার পড়া হয়েছে