সর্বশেষ

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৯ মাসে আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে পরিচালিত অভিযানে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। এ সময়ে প্রায় ৯ হাজার ৭০০ অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজারের বেশি বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে কুয়ালালামপুরের একটি আবাসিক এলাকায় সমন্বিত অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি।

তিনি বলেন, ২৬০ দিনে সারা দেশে ৯ হাজার ৭০০টির বেশি অভিযান পরিচালিত হয়েছে, যা গড়ে প্রতিদিন প্রায় ৩৭টি অভিযানের সমান। এসব অভিযানে ১ লাখ ৩০ হাজারের বেশি বিদেশি নাগরিকের নথিপত্র পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হয়।

লোকমান এফেন্দি জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৫ হাজারের বেশি অভিবাসীকে অভিবাসন বিভাগের নিজস্ব অভিযানে আটক করা হয়েছে। অন্যদিকে, ২২ হাজারের বেশি ব্যক্তিকে বিভিন্ন সীমান্তপথ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তায় আটক করা হয়।

অভিযানে তিন ধরনের অনিয়ম সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। এগুলো হলো—বৈধ ভ্রমণ নথি ছাড়া অবস্থান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে থাকা এবং ওয়ার্ক পারমিটের শর্ত ভঙ্গ করে অন্য খাতে কাজ করা।

তিনি আরও বলেন, অভিযান শুধু অবৈধ কর্মীদের মধ্যে সীমাবদ্ধ নয়। যেসব নিয়োগকর্তা অবৈধভাবে কর্মী নিয়োগ দেন কিংবা যেসব বাড়ির মালিক জেনেশুনে তাঁদের বাসা বা ব্যবসাপ্রতিষ্ঠান ভাড়া দেন, তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৭২০ জন নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, যা গড়ে প্রতিদিন প্রায় ছয়টি মামলার সমান।

সাধারণ নাগরিকদের উদ্দেশে লোকমান এফেন্দি বলেন, অবৈধ অভিবাসনসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে ছবি ও নির্ভরযোগ্য তথ্যসহ অভিবাসন কর্তৃপক্ষকে জানানো উচিত, যাতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০