ঢাকায় কুষ্টিয়ার মিরপুরবাসীর মতবিনিময় ও পরামর্শসভা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মতবিনিময় ও পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি এবং উপজেলার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্য দিয়ে এ প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মতবিনিময় ও পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রমনা পার্ক রেস্টুরেন্টের মিলনায়তনে এ প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়। এতে ঢাকায় বসবাসকারী মিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধসহস্রাধিক মানুষ অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক ও লেখক নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক আব্দুল বারী, ব্যবসায়ী সংগঠক জাহাঙ্গীর হোসেন, ইমদাদুল হক সবুজ, সানজিদা লিটা, আব্দুল আলীম, কামরুজ্জামান কাকন, ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম, আব্দুল বাছিত ও শিক্ষক সংগঠক আলমগীর হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্বপ্নশীলন পত্রিকার নির্বাহী সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের নিউজরুম এডিটর এম. হাফিজ।
পরে আলোচনায় অংশ নেওয়া অতিথি ও মিরপুরবাসীরা উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার করার বিষয়ে মতামত দেন। পাশাপাশি মিরপুর উপজেলার বিভিন্ন সম্ভাবনা, সমস্যা এবং উন্নয়নের নানা দিক নিয়েও আলোচনা ও পরামর্শ তুলে ধরেন তাঁরা।
আয়োজকেরা বলেন, ঢাকায় বসবাসরত মিরপুর উপজেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রীতি সম্মিলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ ধরনের আয়োজনের মাধ্যমে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
ভবিষ্যতেও মিরপুরবাসীর অংশগ্রহণে এ ধরনের মতবিনিময় ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।
১১৯ বার পড়া হয়েছে