এশিয়ান গেমসে আজ উত্তর কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। তবে আগের হারের স্মৃতি ভুলে এশিয়ান গেমসের এই ম্যাচে ইতিবাচক ফুটবল উপহার দিতে চায় পিটার বাটলারের দল।
ছয় মাস আগে সিডনিতে নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়ার কাছে ৫ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এশিয়ান গেমসের মঞ্চে আজ আবারও সেই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। জাপানের ওসাকায় অবস্থিত নাগাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।
ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্যটা আকাশ-পাতাল। উত্তর কোরিয়া যেখানে ১১ নম্বরে, বাংলাদেশ সেখানে ১০৭তম। তবে শুধু র্যাঙ্কিং নয়, মাঠের পারফরম্যান্স ও শক্তিমত্তায় অনেক এগিয়ে কোরিয়ানরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার জানিয়েছেন, মেয়েরা এই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলাটা উপভোগ করবে। তিনি বলেন, 'আমার মনে হয় মেয়েরা এই মাঠে খেলা উপভোগ করবে এবং কোরিয়ার বিরুদ্ধে বুদ্ধি ও দক্ষতা পরীক্ষা করার সুযোগটি কাজে লাগাবে।'
প্রতিপক্ষ দলে একাধিক তারকা খেলোয়াড় থাকলেও কাউকে আলাদাভাবে মার্ক করতে নারাজ বাংলাদেশ কোচ। তাঁর মতে, নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে আটকাতে গেলে অন্যরা বিপদ ডেকে আনতে পারে, তাই পুরো দল নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। বাটলার বাস্তবতার কথা স্বীকার করে বলেন, 'কেউ হয়তো আমাদের জেতার আশা করছে না, আর বাস্তবতাও তাই। আমাদের মূল লক্ষ্য নিজেদের সেরাটা দেওয়া এবং সততার সঙ্গে খেলা।'
এশিয়ান গেমস উপলক্ষে চীনে ১০ দিনের ক্যাম্প ও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে এই প্রস্তুতি যথেষ্ট নয় বলে মনে করেন বাটলার। প্রতিপক্ষের প্রতি অগাধ শ্রদ্ধা রেখে তিনি বলেন, 'উত্তর কোরিয়া আর্থিকভাবে ও ফুটবলের মানের দিক থেকে অনেক শক্তিশালী। আগেরবারের ৫-০ গোলের হার থেকে মেয়েরা অনেক কিছু শিখেছে।'
নিজেদের ঘরোয়া লিগ না থাকার আক্ষেপও ঝরেছে কোচের কণ্ঠে। তাই ম্যাচের ফলাফলের চেয়ে মানসম্মত ও সম্মানজনক একটি পারফরম্যান্স উপহার দেওয়াই এখন বাংলাদেশ দলের মূল লক্ষ্য।
১৭৮ বার পড়া হয়েছে