মোংলায় সাংবাদিক গ্রেপ্তার, শুধু কি একটি মামলার গল্প?
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলায় এক সাংবাদিককে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তারের ঘটনা নতুন করে নানা প্রশ্ন সামনে এনেছে। অভিযোগের বিচার হবে আদালতে। কিন্তু একজন সাংবাদিক গ্রেপ্তারের পর স্থানীয়ভাবে মিষ্টি বিতরণের খবর, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ধরন এবং স্থানীয় রাজনীতি ও পুলিশ প্রশাসনকে ঘিরে পুরোনো নানা বিরোধ—সব মিলিয়ে ঘটনাটি শুধু একটি মামলার মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। অভিযোগ যেমন তদন্ত হওয়া দরকার, তেমনি গ্রেপ্তার হওয়া সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের পেছনে কোনো প্রভাব, প্রতিহিংসা বা স্বার্থ কাজ করেছে কি না, সেটিও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি।
মোংলার সাংবাদিক মো. মাসুদ রানা, যিনি রেজা মাসুদ নামেও পরিচিত, সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন। মামলার বাদীপক্ষ তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইলের মতো গুরুতর অভিযোগ এনেছে। পুলিশও প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করেছে। এসব অভিযোগ সত্য হলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কোনো ব্যক্তির সাংবাদিক পরিচয় তাঁকে আইনবহির্ভূত কর্মকাণ্ডের দায় থেকে মুক্তি দিতে পারে না।
কিন্তু এখানেই পুরো বিষয়টির শেষ নয়।
মাসুদ রানা স্থানীয় সাংবাদিক হিসেবে কাজ করেন এবং স্থানীয় প্রেসক্লাবের সদস্য বলেও জানা গেছে। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনা করলে তিনি দীর্ঘদিন ধরে মাদক, অনিয়মসহ বিভিন্ন স্থানীয় বিষয় নিয়ে সরব ছিলেন—এমন দাবি তাঁর পক্ষের লোকজনের। বিশেষ করে মাদকের বিরুদ্ধে তাঁর ধারাবাহিক অবস্থান এবং স্থানীয় বিভিন্ন অনিয়ম নিয়ে লেখালেখির বিষয়গুলোও এখন আলোচনায় এসেছে।
তাহলে প্রশ্ন হচ্ছে, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো কি কেবল ব্যক্তিগত বিরোধের ফল, নাকি এর পেছনে আরও কোনো প্রেক্ষাপট রয়েছে?
এই প্রশ্নের উত্তর অনুমান করে দেওয়া যাবে না। বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তা বের করে আনা জরুরি।
একজন সাংবাদিক গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের ঘটনা সত্যিই বিস্ময়কর। কোনো অপরাধীর গ্রেপ্তারে কেউ স্বস্তি পেতেই পারেন। কিন্তু একজন সাংবাদিকের গ্রেপ্তারের পর এমন প্রতিক্রিয়া কেন তৈরি হলো—এই প্রশ্নের উত্তরও খুঁজে দেখা দরকার। কারণ কারা মিষ্টি বিতরণ করেছেন, কাদের এতো আনন্দ লেগেছে, সেটিও দেখা প্রয়োজন। তারা মাদকের সঙ্গে জড়িত কেউ, না কি তারা কোনো অপরাধী। যাদের পথের বাধা ছিলেন সাংবাদিক রেজা মাসুদ। এছাড়া তিনি যদি সত্যিই দীর্ঘদিন ধরে মানুষের ওপর সাইবার হয়রানি বা ব্ল্যাকমেইল করে থাকেন, তাহলে কারা তাঁর বিরুদ্ধে আগে অভিযোগ করেছিলেন, কী ধরনের অভিযোগ ছিল এবং সেসব বিষয়ে প্রশাসনের ভূমিকা কী ছিল—তা প্রকাশ্যে আসা প্রয়োজন।
অন্যদিকে, যদি তাঁর সাংবাদিকতা, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ভূমিকা কিংবা স্থানীয় কোনো রাজনৈতিক বা সামাজিক বিরোধের কারণে তাঁকে টার্গেট করা হয়ে থাকে, সেটিও তদন্তে স্পষ্ট হওয়া দরকার।
মোংলার স্থানীয় রাজনীতির নানা সমীকরণও এই ঘটনায় আলোচনায় এসেছে। অভিযুক্ত সাংবাদিকের সঙ্গে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্ক, অতীতে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে নানা আলোচনা এবং বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অবস্থান—এসব বিষয় নিয়ে স্থানীয় পর্যায়ে নানা কথা রয়েছে। তবে কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা কারও সঙ্গে আত্মীয়তার সম্পর্ককে অপরাধের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। একইভাবে এসব সম্পর্কের কারণে তাঁকে হয়রানি করা হয়েছে—এমন দাবিও প্রমাণ ছাড়া গ্রহণযোগ্য হতে পারে না।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তদন্তটি হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ।
মামলায় একজন নারীকে সামাজিক ও মানসিকভাবে হয়রানির অভিযোগ আনা হয়েছে। এমন অভিযোগ অত্যন্ত গুরুতর। কোনো নারীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান, ভয় দেখানো বা ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি দেওয়া হলে তা অবশ্যই আইনের আওতায় আসা উচিত। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের অধিকারও নিশ্চিত করতে হবে। অভিযোগ ও প্রমাণ—দুটিকে আলাদা করে দেখা না হলে ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন।
আরও একটি বিষয় গুরুত্বের সঙ্গে দেখা দরকার। স্থানীয় থানার কয়েকজন সদস্যের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ রয়েছে—এমন দাবি স্থানীয়দের। এসব অভিযোগ সত্য কি না, তারও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একইভাবে বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অতীতে যে ঝাড়ু মিছিল হয়েছিল এবং সেই ঘটনার সঙ্গে গ্রেপ্তার হওয়া সাংবাদিকের কোনো সম্পর্ক ছিল কি না, থাকলে কী ধরনের ছিল—এসবও যাচাই করা যেতে পারে।
কারণ একটি মামলার তদন্ত কেবল বাদী ও আসামির বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে অনেক সময় ঘটনার পূর্ণ চিত্র পাওয়া যায় না। বিশেষ করে যখন ঘটনাটির সঙ্গে স্থানীয় রাজনীতি, সাংবাদিকতা, সামাজিক যোগাযোগমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—একাধিক পক্ষের সম্পর্ক জড়িয়ে পড়ে, তখন তদন্তের পরিধিও বিস্তৃত হওয়া প্রয়োজন।
মাসুদ রানার ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের গত ছয় মাসের কার্যক্রমও তদন্তের গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে। তিনি কী ধরনের পোস্ট দিয়েছেন, কাদের বিরুদ্ধে দিয়েছেন, কী অভিযোগ তুলেছেন, কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ বা সুবিধা দাবি করেছেন কি না, তাঁর পোস্টের পর কারও কাছ থেকে কোনো অভিযোগ এসেছে কি না—ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে এসব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব।
একইভাবে মামলার অভিযোগে যেসব পোস্ট ও ভিডিওর কথা বলা হয়েছে, সেগুলোর মূল উৎস, সময়, সম্পাদনার ইতিহাস এবং প্রেক্ষাপটও যাচাই করা প্রয়োজন। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখেই কাউকে অপরাধী সাব্যস্ত করা যেমন ঠিক নয়, তেমনি সাংবাদিক পরিচয়ের কারণে গুরুতর অভিযোগকে গুরুত্বহীন ভাবাও ঠিক হবে না।
এই ঘটনায় তাই দুটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। প্রথমত, একজন নারীর বিরুদ্ধে যদি সত্যিই সাইবার হয়রানি, হুমকি বা ব্ল্যাকমেইল হয়ে থাকে, তার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, গ্রেপ্তার হওয়া সাংবাদিক যদি কোনো বৃহত্তর বিরোধ, রাজনৈতিক চাপ বা স্বার্থের সংঘাতের শিকার হয়ে থাকেন, সেটিও তদন্তে বেরিয়ে আসতে হবে।
আইনের শাসনের সৌন্দর্য এখানেই—অভিযোগকারী ও অভিযুক্ত, দুজনের অধিকারই সমানভাবে সুরক্ষিত থাকবে।
একজন সাংবাদিক অপরাধ করলে তাঁর সাংবাদিক পরিচয় তাঁকে রক্ষা করবে না। আবার একজন সাংবাদিককে চুপ করিয়ে দিতে যদি কোনো মামলা বা প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করা হয়, সেটিও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আটকের পরের একটি ঘটনাও নতুন করে প্রশ্ন তৈরি করেছে। সাংবাদিক রেজা মাসুদকে মোংলা থানায় আটকের পর লকআপের ভেতরে শুয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি কীভাবে বাইরে গেল, কে এটি ধারণ করেছেন এবং কী উদ্দেশ্যে তা বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হয়েছে—এসব প্রশ্নেরও উত্তর প্রয়োজন। তাঁর পক্ষের অভিযোগ, পুলিশ সদস্যরাই ছবিটি ধারণ করে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। অভিযোগটি সত্য হলে একজন আটক ব্যক্তির মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা এবং আইনগত অধিকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কোনো মামলায় অভিযুক্ত ব্যক্তিকে আদালতে বিচারাধীন অবস্থায় সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার মতো কোনো আচরণ হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আসা উচিত। কারণ গ্রেপ্তার মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। বিচার শেষ হওয়ার আগেই কাউকে জনসমক্ষে অপমানিত বা অপরাধী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা ন্যায়বিচারের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মোংলার এই ঘটনা তাই শুধু একজন সাংবাদিকের গ্রেপ্তারের ঘটনা নয়। এটি একই সঙ্গে সাইবার অপরাধের অভিযোগ, সাংবাদিকতার স্বাধীনতা, স্থানীয় রাজনৈতিক প্রভাব, পুলিশ প্রশাসনের ভূমিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের দায়বদ্ধতার প্রশ্ন সামনে এনেছে।
সব প্রশ্নের উত্তর একটাই—নিরপেক্ষ তদন্ত।
মামলার বিচার আদালতে হবে। কিন্তু তার আগেই জনমতের আদালতে কাউকে অপরাধী কিংবা নিরপরাধ ঘোষণা করা উচিত নয়। বরং ঘটনার পেছনের পুরো প্রেক্ষাপট সামনে আনা, সংশ্লিষ্ট সবার বক্তব্য নেওয়া এবং ডিজিটাল প্রমাণ যাচাই করাই এখন সবচেয়ে জরুরি। তাহলেই বোঝা যাবে—এটি সত্যিই একজন সাংবাদিকের অপরাধের ঘটনা, নাকি এর আড়ালে আরও কোনো অপ্রকাশিত গল্প রয়েছে।
(লেখক: সাংবাদিক)
১৫০ বার পড়া হয়েছে