গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে জেলাজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে গোপালগঞ্জের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ী প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন করে জন্মাষ্টমী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। বক্তারা শ্রীকৃষ্ণের অহিংসা ও সাম্যের বাণী ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কালীবাড়ী প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন। পরবর্তীতে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয়।
কেন্দ্রীয় উৎসব ছাড়াও ইসকন ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন গোপালগঞ্জ শহরে পৃথক শোভাযাত্রা বের করে। এছাড়া জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়েছে।
উৎসবে অংশ নেওয়া ভক্ত সমন্তি দত্ত জানান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রায় অংশ নিয়ে দেশের শান্তি ও সকলের মঙ্গল কামনা করেছেন। আরেক ভক্ত সম্পা সাহা তাঁর সন্তানদের রাধা ও কৃষ্ণের সাজে সাজিয়ে শোভাযাত্রায় নিয়ে আসেন এবং উৎসবের আনন্দ প্রকাশ করেন।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, শ্রীকৃষ্ণ সমাজ থেকে অন্যায় ও পাপ দূর করতে আবির্ভূত হয়েছিলেন। ধর্ম যার যার উৎসব সবার—এই নীতি মেনে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
সংসদ সদস্য ডা. কে. এম. বাবর তাঁর বক্তব্যে বলেন, এই গোপালগঞ্জে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। যেকোনো অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
১১৩ বার পড়া হয়েছে