বিএনপির ইতিহাস সামনে চলার, আওয়ামী লীগের পেছনে: ড. মঈন
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ইতিহাসকে সামনে এগিয়ে যাওয়ার এবং আওয়ামী লীগের ইতিহাসকে পেছনে হাঁটার ইতিহাস বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। নরসিংদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি দেশের গণতান্ত্রিক ধারা ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।
শুক্রবার সন্ধ্যায় নরসিংদী শহরের সাহেপ্রতাব এলাকার তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে জেলা বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো পেছনে ফিরে তাকাননি। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা হচ্ছে।
দীর্ঘ ১৭ বছরের ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুনভাবে গড়ে তুলতে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান প্রশাসন কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধপরিকর।
ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, তৎকালীন সময়ে জাতীয়তাবাদী শক্তি তথা বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হয়েছিল। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্তের অংশ হিসেবেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর প্রবাসে নির্বাসিত থাকতে হয়েছিল। তবে দেশের মানুষ ভোটের মাধ্যমে সেই অন্যায়ের মোক্ষম জবাব দিয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের সরাসরি ভোটের মাধ্যমে বারবার রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছে এই দল। ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র মোকাবিলা করে জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন, বর্তমান সরকারও সেই ধারা বজায় রাখছে।
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরীন সুলতানা, রায়পুরা আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
১০৮ বার পড়া হয়েছে