বিদ্যুতের নামে পরিকল্পনা ছাড়া শুধু প্ল্যান্টই করেছে আ. লীগ: বিমান মন্ত্রী
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিগত আওয়ামী লীগ সরকার বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট তৈরি করলেও তা কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে কোনো দূরদর্শী পরিকল্পনা করেনি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপির এক জনসভায় তিনি এই অভিযোগ করেন। একই সাথে তিনি বর্তমান বিদ্যুৎ সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কিছু পদক্ষেপের ঘাটতিকেও দায়ী করেন।
শুক্রবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
মন্ত্রী তাঁর বক্তব্যে অভিযোগ করে বলেন, গ্যাস উৎপাদনের একটি নষ্ট মেশিন মেরামতে বিলম্ব হওয়ায় বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে এবং এর ফলে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। একটি রাষ্ট্র নতুন করে গড়ে তুলতে কিছুটা সময় প্রয়োজন উল্লেখ করে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।
এলাকার মানুষের কৃষি ও খাদ্য সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি মাস থেকেই প্রতিটি ইউনিয়নে সারের ডিলার এবং টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে বিগত ফ্যাসিবাদের সাথে জড়িতরা যেন আর কোনো কারসাজি করতে না পারে, তা নিশ্চিত করা হবে।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা।
১১৪ বার পড়া হয়েছে