গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনাটি গত বৃহস্পতিবার রাতে ঘটলেও চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আরও এক ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কুমিল্লার হোমনা এলাকার আল আমিনের ছেলে ও দশম শ্রেণীর ছাত্র আল রাফি এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওরা গ্রামের কালা মৃধার ছেলে ও টুঙ্গিপাড়ার পাচকাহনিয়া মাদরাসার শিক্ষার্থী ইয়াছিন মৃধা।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে আল রাফিসহ তিন আরোহী উপজেলা পরিষদ এলাকা থেকে গিমাডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে আরোহী তিনজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে ইয়াছিন মৃধার মৃত্যু হয়। বর্তমানে অপর আহত শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১১১ বার পড়া হয়েছে