স্বাধীন নাগরিক হিসেবে কেউ সংখ্যালঘু নন: স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বাধীন নাগরিক হিসেবে বাংলাদেশের কেউ সংখ্যালঘু নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতা শুধু কাগজে-কলমে বা ধর্মীয় গ্রন্থে নয়, বাস্তব জীবনেও নিশ্চিত করতে চান তাঁরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকদের ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে রাষ্ট্রের কাছে সেটি মুখ্য নয়। স্বাধীন নাগরিক হিসেবে কাউকে সংখ্যালঘু পরিচয়ে পরিচিত হওয়ার প্রয়োজন নেই।
তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্ম পালনের এই স্বাধীনতা শুধু কিতাব বা নীতিগত বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনেও প্রতিফলিত হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমে দেশের সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটব্যাংকের প্রচলিত ধারণা ভেঙে দিয়েছেন। নাগরিক হিসেবে প্রত্যেকের রাজনৈতিক ও সামাজিক অধিকার সমান—এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি।
ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, নাগরিক অধিকার ও সহাবস্থানের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন তিনি।
১০৯ বার পড়া হয়েছে