কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিনের মতবিনিময়
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা, রেল যোগাযোগ ও মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার সকালে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের সমস্যা, দুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরে প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মিরপুরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা বিবেচনায় আন্তর্জাতিক মানের সুইমিংপুল, নারী প্রশিক্ষণ কেন্দ্র, কৃষকদের জন্য সৌরবিদ্যুৎচালিত সেচ প্রকল্প এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, এসব প্রকল্পের অনুমোদন প্রক্রিয়ায় ডিও লেটারের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই প্রকল্পগুলোর কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, মিরপুরের যেসব এলাকায় ডাকাতি ও ছিনতাইসহ অপরাধের ঘটনা বেশি ঘটে, সেসব এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উপজেলা প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এতে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের নিরাপত্তা বাড়বে বলে তিনি মনে করেন।
রেল যোগাযোগের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মিরপুর ও আশপাশের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রেলস্টেশনে স্টেশন মাস্টার নিয়োগ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেনের স্টপেজ চালুর বিষয়ে কাজ করা হবে।
তিনি আরও বলেন, ভেড়ামারা-মিরপুরসহ সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে পাকা সড়ক নির্মাণের কাজ চলছে। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
মাদক নির্মূলের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। এ কাজে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ফরিদা ইয়াসমিন বলেন, চলতি বছরে বেশ কিছু উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে। মিরপুরের মানুষের জীবনমান, যোগাযোগব্যবস্থা, কৃষি, শিক্ষা, নারী উন্নয়ন ও কর্মসংস্থানে দৃশ্যমান পরিবর্তন আনা তাঁর লক্ষ্য।
আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, কুষ্টিয়ার তিনটি সংসদীয় আসন পুনরুদ্ধার করা তাঁর অন্যতম বড় চ্যালেঞ্জ। জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে তাঁরা কাজ করছেন।
মিরপুর প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও আছাদুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য মিলন আলী, আলমগীর মন্ডল ও জাহিদ হাসান জিহাদসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, এখন টিভির জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ, সাংবাদিক নাঈম খন্দকার ও সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
১২৫ বার পড়া হয়েছে