‘গ্রিন কলাপাড়া, ক্লিন কলাপাড়া’ গড়তে সংবাদকর্মীদের সাথে মতবিনিময়
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংবাদকর্মীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গ্রিন কলাপাড়া, ক্লিন কলাপাড়া’ উদ্যোগের আওতায় সোমবার দুপুরে কলাপাড়া পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের যৌথ আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান সমন্বয়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, বিআরডিবি সভাপতি ফোরকান তালুকদার এবং কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম ও মেজবাহউদ্দিন মাননু।
সভায় উপস্থিত সংবাদকর্মীরা কলাপাড়া পৌর শহরকে প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এ সময় বক্তারা কলাপাড়ার পরিবেশ রক্ষায় সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতেই ‘গ্রিন কলাপাড়া, ক্লিন কলাপাড়া’ কার্যক্রমের বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। সভায় জানানো হয়, বর্তমানে এই পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় কলাপাড়া পৌর শহরের প্রায় ৩ হাজার ২০০ পরিবারকে নিয়মিত সেবা দেওয়া হচ্ছে। কর্মসূচির পরিধি আরও বাড়াতে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যৌথভাবে কাজ করছে বলে জানানো হয়।
১২২ বার পড়া হয়েছে