সর্বশেষ

জাতীয়

চালু হল ‘পিংক বাস’ সার্ভিস, জেনে নিন রুটসমূহ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে আবারও পৃথক ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে নতুন করে পিংক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। কর্মজীবী নারীসহ নারী যাত্রীদের নিরাপদ গণপরিবহন সুবিধা দেওয়ার পাশাপাশি পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে সংস্থাটি।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত এ বাস সার্ভিস চালু করা হয়েছে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগটি ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।

বিআরটিসি জানিয়েছে, রাজধানীর নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুটে এসব বাস চলাচল করবে। এ ছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

নতুনবাজার থেকে মতিঝিলগামী বাসটি কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে। অন্য রুটের বাসগুলোও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে সংযোগ তৈরি করবে।

রাজধানীর বাইরেও পিংক বাস সার্ভিসের আওতা রাখা হয়েছে। বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।

এর আগে ঢাকায় নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করা হলেও বিভিন্ন কারণে সেটি নিয়মিতভাবে পরিচালিত হয়নি। এবার নতুন করে পিংক বাস চালুর ফলে নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহনের সুযোগ বাড়বে বলে আশা করছে বিআরটিসি।

একই সঙ্গে নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান এবং অংশগ্রহণও বাড়বে বলে মনে করছে সংস্থাটি।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন