বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতরা হলেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ছয়টার দিকে শাহ আলমের বাড়ির পাশে থাকা বালুর বস্তার মধ্যে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওই সময় কাছাকাছি থাকা হনুফা বেগম, ইতি ও ফাহিমের শরীরে আগুন ধরে যায়।
বিস্ফোরণের পর আহতরা আগুন নেভাতে বাড়ির সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের স্বজন জামাল হাওলাদার বলেন, ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে বিস্ফোরণটি ঘটে। এতে তার মা, বোন ও ভাগনের শরীরে আগুন ধরে যায়। তবে ওই বোমা কোথা থেকে এসেছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং দায়ীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
১৩০ বার পড়া হয়েছে