বাংলাদেশের ভ্রমণ সতর্কতা মাত্রা কমিয়েছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৪:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা কমিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের নতুন মূল্যায়নে বাংলাদেশকে লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ) পর্যায়ে নামানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশের ভ্রমণ পরিস্থিতির উন্নতি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা হালনাগাদের বিষয়টি বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর এ অগ্রগতি আসে। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার মাধ্যমে বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীকে জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা আস্থার প্রতিফলন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং স্থিতিশীল পরিবেশ তৈরিতে নেওয়া বিভিন্ন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এ সিদ্ধান্তকে দেখা হচ্ছে।
ভ্রমণ সতর্কতার মাত্রা কমানোর ফলে বাংলাদেশে আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও ইতিবাচকভাবে প্রভাবিত হবে বলে মনে করছে সরকার।
১০৬ বার পড়া হয়েছে