সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন অজিঙ্কা রাহানে
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই ছিটকে পড়েছিলেন। এবার সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় রাহানে বলেছেন, জীবনের নতুন অধ্যায়ে পা রাখার জন্য এখনই সঠিক সময় বলে মনে করছেন তিনি।
ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যানদের একজন ছিলেন অজিঙ্কা রাহানে। বিশেষ করে বিদেশের মাটিতে তার ধারাবাহিক পারফরম্যান্স দীর্ঘ সময় ভারতীয় দলের বড় শক্তি হিসেবে বিবেচিত হয়েছে। প্রায় দুই দশকের ক্রিকেটজীবনের ইতি টেনে তিনি জানিয়েছেন, ক্রিকেট তাকে যা দিয়েছে, এবার সেই অভিজ্ঞতা নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নেওয়ার সময় এসেছে।
রাহানের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় নিঃসন্দেহে ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেড টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার ধাক্কা সামলেও তার নেতৃত্বে ভারত ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়ে দলটি। সেই সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ২০২৩ পর্যন্ত ১২ বছরের ক্যারিয়ারে রাহানে ৮৫টি টেস্টে ৩৮.৪৬ গড়ে ৫ হাজার ৭৭ রান করেন। এই সময়ে তার ব্যাট থেকে আসে ১২টি সেঞ্চুরি। ওয়ানডেতে ৯০ ম্যাচে ২ হাজার ৯৬২ রান করেন, যেখানে ছিল তিনটি শতক। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১১৩.২৯ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৩৭৫ রান।
ভারতের অধিনায়ক হিসেবেও সফল ছিলেন রাহানে। তার নেতৃত্বে ভারত ছয়টি টেস্ট খেলেছে। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে দল, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দীর্ঘ ক্যারিয়ার গড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ছয়টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি ২১২টি ম্যাচ খেলেছেন।
অবসরের ঘোষণা দিয়ে প্রকাশিত ভিডিও বার্তায় রাহানে বলেন, ব্যাটিংয়ে যেমন সঠিক টাইমিং গুরুত্বপূর্ণ, তেমনি জীবনের প্রতিটি সিদ্ধান্তেরও একটি উপযুক্ত সময় থাকে। তার বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর জন্য এটিই সঠিক সময়।
তিনি আরও বলেন, ছোটবেলায় ডোম্বিভলি থেকে অনুশীলনে যাওয়ার দিনগুলো থেকে শুরু করে পুরো ক্যারিয়ারজুড়ে তিনি দেশের জার্সি পরার স্বপ্নই লালন করেছেন। নিজের চেয়ে সব সময় দেশ ও দলকে অগ্রাধিকার দিয়েছেন এবং সততার সঙ্গে ক্রিকেট খেলেছেন বলেও উল্লেখ করেন তিনি।
রাহানের মতে, ভারতীয় ক্রিকেট গত দুই দশকে অসাধারণ পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। সেই যাত্রার অংশ হতে পেরে তিনি গর্বিত। তবে খেলোয়াড় হিসেবে তার অধ্যায় শেষ হলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়ানো এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।
বিদেশের মাটিতে রাহানের সাফল্য ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের বাইরে ৫১টি টেস্টে তার ব্যাটিং গড় ছিল ৩৯.৪৩, যা দেশের মাটিতে তার গড়ের চেয়ে বেশি। টেস্টে করা ১২টি সেঞ্চুরির মধ্যে আটটিই এসেছে বিদেশের মাঠে।
২০২৩ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল তার ক্যারিয়ারের শেষ বড় আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ রানও করেছিলেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে মাত্র দুটি টেস্ট খেলেন।
বর্তমানে যুক্তরাজ্যে অনুষ্ঠিত দ্য হানড্রেড টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন অজিঙ্কা রাহানে। ক্রিকেট থেকে অবসর নিলেও নতুন ভূমিকায় খেলার সঙ্গেই যুক্ত থাকছেন তিনি।
১২৫ বার পড়া হয়েছে