আগৈলঝাড়া থানায় হামলা মামলা: প্রধান আসামিসহ তিন দিনে গ্রেপ্তার ২৪
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৫:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় করা মামলায় তিন দিনে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলার প্রধান আসামিসহ চারজনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বরিশালের আগৈলঝাড়া থানায় মিছিলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত তিন দিনে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি ইয়াসমিন বেগম এবং তদন্তে শনাক্ত আসামি হাসিনা বেগম। হাসিনা বেগম প্রধান আসামি ইদ্রিস ফকিরের স্ত্রী। তাঁদের সবার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পরে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে একটি দল ডিবির হেফাজত থেকে তাঁদের গ্রহণ করে আগৈলঝাড়ায় নিয়ে আসে।
রোববার দুপুরে চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি মো. মাসুদ খান বলেন, মামলার এজাহারভুক্ত এবং তদন্তে শনাক্ত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
১২৩ বার পড়া হয়েছে