কুষ্টিয়ার সীমান্তে পরিত্যক্ত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের ডিগ্রির চর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কোনো ব্যক্তি আটক হয়নি।
সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া-৪৭ বিজিবির উদয়নগর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৮৪/২-এস–সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। বিজিবির দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দুপুরে পাঠানো বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
১৯৭ বার পড়া হয়েছে