আজ থেকে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে টানা পাঁচ দিন দেশের বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এতে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কয়েকটি বিভাগে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।
রোববারের পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর বিভাগের পাশাপাশি রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে, ফলে কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।
সোমবারের পূর্বাভাসেও দেশের একই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। তবে এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর বুধবার ও বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রপাত ও ভারি বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করা নিরাপদ।
১১৭ বার পড়া হয়েছে