লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর: পায়রাসহ চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর, যার ফলে পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে ফেরার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং উপকূলীয় জেলাগুলোতে সকাল থেকেই বিরতিহীনভাবে বৃষ্টিপাত চলছে।
সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পটুয়াখালীর মহিপুর এলাকার মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় অধিকাংশ মাছধরা ট্রলার ইতোমধ্যে ঘাটে ফিরে এসেছে। কুয়াকাটার শিববাড়িয়া নদী ও শিববাড়িয়া পোতাশ্রয়ে শত শত ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
১২৬ বার পড়া হয়েছে