হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত ৮৩৩
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১১:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩২ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১০১ জনের। ফলে এক দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশুর একজন ঢাকার এবং অন্যজন সিলেটের বাসিন্দা।
এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৩১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬৩৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ শিশু।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৩২ জন। এ ছাড়া পরীক্ষায় ১০১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৩ জন।
এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ শিশুর। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৫২৬ শিশুর। ফলে মোট আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২১৯।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ৯৬৬ জন। এ সময় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ২১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শিশুদের সময়মতো টিকাদান ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছে।
১১৭ বার পড়া হয়েছে