মুন্সীগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ, বিতরণ করা হলো ট্যাবলেট
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে আগামী ১২ অক্টোবর থেকে জেলার ছয়টি উপজেলায় আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আলাল উদ্দিন এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জেলা প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন যে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ ও খাল খননের মতো সরকারি সিগনেচার প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কাজের ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি অর্থনীতি ও সমাজ গঠনে নারীদের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে অংশগ্রহণকারী নারীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য জেলার ছয়টি উপজেলায় ৬৯ জন সুপারভাইজার এবং ৬৭৫ জন তথ্য সংগ্রহকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আধুনিক ও ডিজিটাল উপায়ে উপাত্ত সংগ্রহের সুবিধার্থে প্রশিক্ষণের অংশ হিসেবে তাঁদের মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে