সর্বশেষ

সারাদেশ

ভাসানী দম্পতির আদর্শ নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা দেবে: প্রতিমন্ত্রী শরীফুল

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর কর্মময় জীবন ও আদর্শ নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, তাঁদের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান সংরক্ষণের পাশাপাশি কৃষক, শ্রমিক, তাঁতি ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।

টাঙ্গাইলের সন্তোষে বেগম আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় সন্তোষ দরবার হলে মওলানা ভাসানী ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, মওলানা ভাসানীর রেখে যাওয়া কর্ম ও আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে সরকার কাজ করছে, তা বাস্তবায়নে মওলানা ভাসানীর কর্মময় জীবন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

তিনি বলেন, পৃথিবীর অনেক গুণী মানুষের সাফল্যের পেছনে তাঁদের পরিবারের সদস্যদের, বিশেষ করে জীবনসঙ্গীর গুরুত্বপূর্ণ অবদান থাকে। মওলানা ভাসানীর জীবনেও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি শিক্ষানুরাগী ছিলেন এবং মওলানা ভাসানীর জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমর্থন ও সাহস জুগিয়েছেন।

শরীফুল আলম আরও বলেন, বেগম আলেমা খাতুন ভাসানী তাঁর বাবার কাছ থেকে পাওয়া জমি জনকল্যাণমূলক কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য ব্যবহারের সুযোগ করে দিয়েছিলেন। এর মধ্য দিয়ে তিনি মানুষের ভবিষ্যৎ গঠনে অবদান রেখেছেন। নতুন প্রজন্মের কাছে গুণীজনদের অবদান তুলে ধরা এবং তাঁদের যথাযথ সম্মান জানানোর সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।

গত ১৭ বছরে মওলানা ভাসানী ও বেগম আলেমা খাতুন ভাসানীর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলো যথাযথ গুরুত্ব পায়নি বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি; বরং সেগুলো অচল অবস্থায় পড়ে ছিল। বর্তমান সরকার গুণীজনদের সম্মান জানাতে চায়। তাঁদের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলো যাতে প্রাতিষ্ঠানিকভাবে সঠিকভাবে পরিচালিত হতে পারে, সে লক্ষ্যে কাজ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, শুধু স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান সংরক্ষণ করলেই হবে না, মওলানা ভাসানী ও আলেমা খাতুন ভাসানীর কর্ম ও আদর্শও ধারণ করতে হবে। কৃষক, শ্রমিক, তাঁতি ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা, শ্রমের মর্যাদা, ন্যায্য সুযোগ নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে। মানুষের প্রতি তাঁদের দায়বদ্ধতা এসব দায়িত্ব পালনে প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন থেকে ত্যাগ, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার শিক্ষা পাওয়া যায়। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা এবং ব্যক্তিস্বার্থ ত্যাগ করা।

বেগম আলেমা খাতুন ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। মওলানা ভাসানীর দেখানো ন্যায় ও আদর্শের পথে টাঙ্গাইলকে পরিচালিত করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের আদর্শ ধারণ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশপ্রেমের চেতনা ধারণ করে দেশ গঠনে কাজ করছেন।

মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

এর আগে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও সুলতান সালাউদ্দিন টুকুসহ অতিথিরা সন্তোষে মওলানা ভাসানীর মাজারে গিয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বেগম আলেমা খাতুন ভাসানীর কবর জিয়ারত করেন। এ সময় তাঁরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে বেগম আলেমা খাতুন ভাসানীকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০