চারদিনের জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করা এবং বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনার শেষে তিনি বলেন, জাপান সফরে বাংলাদেশের প্রধান লক্ষ্য থাকবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব সুসংহত করা এবং বিনিয়োগ বৃদ্ধি করা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ধারাবাহিকতায় জাপান সফরেও বাংলাদেশ বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন অংশীদারত্বের বিভিন্ন দিককে গুরুত্ব দেবে। বাংলাদেশ এখন বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে পারস্পরিক বিনিয়োগের ভিত্তিতে অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী।
জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের কয়েকটি বড় উন্নয়ন প্রকল্পে জাপানের বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক ও বিনিয়োগ সহযোগিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রতিমন্ত্রী জানান, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট এবং জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে জাপানের উদ্যোগে আয়োজিত একটি অনলাইন সম্মেলনে অংশ নিয়েছিলেন। ওই সম্মেলনে তিনি আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
হুমায়ুন কবিরের ভাষ্য, ওই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জাপান সরকারের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। আসন্ন সফরে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে পারস্পরিক বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফরের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তারেক রহমান ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই তিনি সৌদি আরব সফর করবেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।
১১৬ বার পড়া হয়েছে