হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এসব মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৩১ জন। ফলে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩২৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
১১৪ বার পড়া হয়েছে