ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৫:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন।
জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে এই রায় ঘোষণা করবেন।
এর আগে গত ১৪ মে মামলাটিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সোবহান তরফদারসহ অন্য আইনজীবীরা অংশ নেন। অন্যদিকে আসামিপক্ষের হয়ে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামিপক্ষ মোট নয় দিন ধরে তাদের বক্তব্য তুলে ধরে।
প্রতিরক্ষা পক্ষের দাবি, কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে হাসানুল হক ইনুর কোনো সম্পৃক্ততা নেই। তাদের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় তিনি কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না এবং মামলার সাক্ষীদের বক্তব্যেও বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে তারা যুক্তি দেন, ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাকালে ইনু সংসদ সদস্য ছিলেন না।
মামলার তদন্ত প্রতিবেদন ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। পরে ৩০ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আসামিপক্ষের হয়ে সাক্ষ্য দেন দুইজন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এ ঘটনায় বহু মানুষ আহত হওয়ার অভিযোগও রয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে প্রসিকিউশন তাঁর বিরুদ্ধে আটটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে।
আদালতের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে।
১১৮ বার পড়া হয়েছে