চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১০:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের অভিযোগে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে সংশ্লিষ্ট বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবির ও তাঁর ছেলে বাবু পলাতক রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ এসব সার জব্দ করে সদর মডেল থানা-পুলিশ।
আটক ট্রাকচালক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউর নগরের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। সারগুলো কালোবাজারে সরবরাহ করা হচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ট্রাকটি জব্দ করে তাতে থাকা ৭০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। পরে ট্রাক ও সার থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ডিলার হুমায়ুন কবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সার জব্দের ঘটনার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পাশাপাশি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। ডিলারের ছেলে বাবুও ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে সার জব্দের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
১১৫ বার পড়া হয়েছে