গোয়াইনঘাট সীমান্তে চোরাচালান ও মানবপাচারের অভিযোগ, তদন্তের দাবি
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বিভিন্ন সীমান্তপথ দিয়ে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশের পাশাপাশি মানবপাচারের অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ব্যবহার করে ‘লাইন’ বাণিজ্য চালানোর অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এ চক্রের নেপথ্যে রয়েছেন যুবদল নেতা আবুল কাশেম। মাঠপর্যায়ে জয়দুল, হিরন, সাদ্দাম ও জাহিদুলের বিরুদ্ধে অর্থ আদায় ও কার্যক্রম নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য, মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য, তামাবিল, সোনাটিলা, সংগ্রামপুঞ্জি, আমস্বপ্ন ও নলজুড়ী সীমান্তকেন্দ্রিক এসব কর্মকাণ্ডের সঙ্গে মানবপাচারও যুক্ত হয়েছে। অভিযোগ রয়েছে, এসব কার্যক্রম পরিচালনায় বিজিবি, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশের নাম ব্যবহার করে ‘লাইন’ বাণিজ্য করা হচ্ছে।
সরেজমিন অনুসন্ধান ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সীমান্তের এসব পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া পণ্য দেশে প্রবেশ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, তামাবিল স্থলবন্দর এলাকার সিসিটিভি ফুটেজে ভারতীয় কম্বলের চালান থেকে প্রতি কিটে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ‘লাইন’ আদায়ের দৃশ্য দেখা গেছে।
স্থানীয়দের অভিযোগ, পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী জয়দুল ও তাঁর সহযোগীরা এ অর্থ আদায়ের সঙ্গে জড়িত। সোনাটিলা এলাকায় হিরন মিয়া এবং আমস্বপ্ন-নলজুড়ী এলাকায় তামাবিল লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদ্দাম মিয়া ও জাহিদুলের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজনের দাবি, হিরন ও সাদ্দাম সহোদর। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। এ ছাড়া ‘খালেদ মাসুদ পাইলট টিভি’ নামে ফেসবুক পেজ ও আইডি ব্যবহারকারী খালেদ মাসুদের বিরুদ্ধেও চোরাচালান ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত চক্রকে সহযোগিতার অভিযোগ উঠেছে।
চক্রটির নেপথ্যে প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগও করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, যুবদল নেতা আবুল কাশেম প্রভাব ও তদবিরের মাধ্যমে চক্রটিকে সহযোগিতা করছেন। স্থানীয় কয়েকজন কথিত সংবাদকর্মীর বিরুদ্ধেও তথ্য গোপন ও তদবিরের মাধ্যমে এ সিন্ডিকেটকে সুরক্ষা দেওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে আবুল কাশেমের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
সচেতন মহলের আশঙ্কা, সীমান্তের এসব পথ দিয়ে শুধু কম্বল, চিনি ও প্রসাধনসামগ্রী নয়, ইয়াবা, ফেনসিডিল, মদ ও অবৈধ আগ্নেয়াস্ত্রও দেশে প্রবেশ করছে। পাশাপাশি অর্থের বিনিময়ে সীমান্ত পারাপারে মানবপাচারকারী চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, পর্যটনকেন্দ্র জাফলংয়ের পর্যটন কার্যক্রমের আড়ালে এবং বিভিন্ন পরিবহনের মাধ্যমে তামাবিল ও আমস্বপ্ন সীমান্ত দিয়ে আসা পণ্যের একটি অংশ জাফলং হয়ে ঢাকায় নেওয়া হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও অবৈধ পণ্য জব্দ করলেও অভিযোগের নেপথ্যে থাকা ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন বলে দাবি স্থানীয়দের।
সীমান্তে চোরাচালান, মানবপাচার ও ‘লাইন’ বাণিজ্যের অভিযোগগুলো তদন্ত করে আবুল কাশেমসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, চোরাচালান ও মাদক প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। পুলিশের নাম ব্যবহার করে কেউ ‘লাইন’ বা চাঁদা আদায় করলে কিংবা চোরাচালানে জড়িত থাকলে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, শুল্ক ফাঁকি ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১২৫ বার পড়া হয়েছে