কালিয়ায় বিনা মূল্যে ৭০০ জনের চোখ পরীক্ষা, ছানি অপারেশন হবে ১১০ জনের
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৭০০ মানুষের চোখ পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ১১০ জনকে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত রোগীদের অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করবে খুলনার রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল।
অর্থের অভাবে যেন কারও চোখের চিকিৎসা বন্ধ না থাকে—এ লক্ষ্য নিয়ে নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত খাশিয়াল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহর উদ্যোগে এবং খুলনার রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পে চিকিৎসকেরা আগত রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। পরীক্ষা শেষে ছানি অপারেশনের উপযোগী ১১০ জন রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। তাঁদের অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করবে সহযোগী হাসপাতালটি। এ ছাড়া চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে রোগীদের চশমা ও ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. মনোজ কুমার দাশ, চিকিৎসক ও টেকনিশিয়ানসহ ১০ সদস্যের একটি দল, বড়দিয়া শাখা উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর রায়, পুষ্পেন রায়, শিকদার আনিচুর রহমান, সিরাজুল ইসলাম শিমুল, শেখ সুলতান ও বিধান চন্দ্র দাশ প্রমুখ।
চোখ পরীক্ষা করাতে আসা দিপালী দাশ ও নুর ইসলাম বলেন, বাড়ির কাছেই বিনা মূল্যে চোখ পরীক্ষা করানোর সুযোগ পেয়ে তাঁরা খুবই খুশি। এ ধরনের উদ্যোগের ফলে অর্থনৈতিক সংকটের কারণে যাঁরা চিকিৎসা নিতে পারেন না, তাঁরাও প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
স্থানীয় কয়েকজন জানান, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের বিনা মূল্যের চক্ষু চিকিৎসা কার্যক্রম দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা অসচ্ছল মানুষের জন্য আশার আলো। বিশেষ করে ছানি রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থা হওয়ায় অনেকের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি হয়েছে।
খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ বলেন, খাশিয়াল ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ৭০০ মানুষ এ ক্যাম্পে চোখ পরীক্ষা করিয়েছেন। তাঁদের মধ্য থেকে ১১০ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল অপারেশন ও সংশ্লিষ্ট চিকিৎসার ব্যয় বহন করবে। পাশাপাশি নিজের অর্থায়নে রোগীদের চশমা ও ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
১২৭ বার পড়া হয়েছে