ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান এবিএম মোশাররফ হোসেনের
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় রাসপূজার উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ধর্ম যার যার, কিন্তু পরিচয় সবার এক—আমরা বাংলাদেশি। এই পরিচয় ধারণ করতে পারলে সমাজে ধর্মীয় বিভাজন, অশান্তি ও প্রতিহিংসার কোনো জায়গা থাকবে না।
পটুয়াখালীর কুয়াকাটায় ঐতিহ্যবাহী রাসপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এবিএম মোশাররফ হোসেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে আনুষ্ঠানিকভাবে রাস উৎসবের উদ্বোধন করেন তিনি।
বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, কুয়াকাটায় পাশাপাশি মন্দির, মসজিদ ও বৌদ্ধবিহার রয়েছে। এখানে মানুষের মধ্যে কোনো ধর্মীয় বিভেদ নেই। তিনি বলেন, মুসলমানরা সৃষ্টিকর্তাকে আল্লাহ, হিন্দুরা ভগবান এবং খ্রিষ্টানরা গড নামে ডাকেন। উপাসনার পদ্ধতি ভিন্ন হলেও সবার উদ্দেশ্য সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন।
তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এই পরিবেশ আগামী দিনেও বজায় রাখতে হবে। রাস পূর্ণিমার অনুষ্ঠানে মুসলমানদের ব্যাপক উপস্থিতি তার মতে, সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিচয়সংক্রান্ত বক্তব্যের মূল কথা হলো—ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবার পরিচয় বাংলাদেশি। এই বাংলাদেশি পরিচয়কে ধারণ করতে পারলে মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন, অশান্তি ও প্রতিহিংসা থাকবে না। কারণ, সবার পরিচয় এক—তাঁরা বাংলাদেশের নাগরিক।
উপস্থিত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এবিএম মোশাররফ হোসেন বলেন, বিভিন্নভাবে উসকানি দেওয়ার চেষ্টা চলছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান, কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং রাস উৎসব আয়োজক কমিটির নেতারা।
১১৪ বার পড়া হয়েছে