আশাশুনিতে যুবদল নেতার ঘের থেকে চোরাই প্রাইভেটকার উদ্ধার
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগের মাছের ঘের থেকে চাঁদপুরের হাজীগঞ্জে চুরি হওয়া একটি সাদা রঙের টয়োটা করোলা প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভোর ছয়টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউসুলি (মান্দারা) এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় আবু জাহিদ সোহাগকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার হাকিমাবাদ গ্রামের বাসিন্দা আবুল কাশেমের একটি সাদা রঙের টয়োটা করোলা প্রাইভেটকার চুরি হয়। এ ঘটনায় গত ১৯ অক্টোবর হাজীগঞ্জ থানায় ৩৩ নম্বর মামলা করা হয়।
মামলাটি তদন্তের একপর্যায়ে গাড়িটির অবস্থান সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাউসুলি এলাকায় শনাক্ত করেন হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম। পরে রোববার রাতে তিনি সাতক্ষীরায় আসেন। সোমবার ভোরে আবু জাহিদ সোহাগের মাছের ঘের থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে তাঁকে আটক করা সম্ভব হয়নি।
এসআই নূরে আলম বলেন, মূল আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত তদন্তের স্বার্থে কিছু তথ্য প্রকাশ করা হচ্ছে না।
উদ্ধার হওয়া গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯। ঘেরের কর্মচারী এনামুল শেখ জানান, প্রায় তিন মাস আগে আবু জাহিদ সোহাগ পাশের ঘেরের কর্মচারী ইলিয়াসের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনেন। পরে গাড়িটির পেছনে প্রায় দেড় লাখ টাকা খরচ করেন তিনি। গাড়িটি যাঁর কাছ থেকে কেনা হয়েছিল, তাঁকে সম্প্রতি ২০ হাজার টাকা দেওয়া হলেও আরও ৩০ হাজার টাকা বাকি ছিল। বিভিন্ন সময়ে দূরে যাতায়াতের জন্য আবু জাহিদ গাড়িটি ব্যবহার করতেন বলেও জানান তিনি।
এনামুল শেখের ভাষ্য অনুযায়ী, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি ঘেরে এসে গাড়িটির ছবি তোলেন এবং মালিকের নাম জানতে চান। তিনি আবু জাহিদ সোহাগের নাম জানান। পরে সকাল ছয়টার দিকে পুলিশ ঘেরের পাশ থেকে গাড়িটি নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা খোকন সরদারও জানান, প্রায় তিন মাস ধরে আবু জাহিদ সোহাগ ওই সাদা রঙের করোলা প্রাইভেটকার ব্যবহার করতেন। সোমবার ভোরে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি তাঁর কাছে গাড়িটির মালিকানা সম্পর্কে জানতে চান। তিনি গাড়িটি আবু জাহিদের বলে জানান। পরে আশাশুনি থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন, হাজীগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম এবং গাড়ির মালিক এসে সেটি নিয়ে যান।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আবু জাহিদের জিম্মা থেকে চোরাই গাড়িটি উদ্ধার করা হয়েছে। তাঁকে আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুর রহমান বলেন, চাঁদপুরের হাজীগঞ্জ থানা থেকে পুলিশ এসে সোমবার ভোরে বাউসুলি গ্রামের একটি মাছের ঘের থেকে প্রাইভেটকারটি নিয়ে গেছে। তবে গাড়িটি চোরাই কি না, সে বিষয়ে তিনি অবগত নন।
অভিযোগের বিষয়ে আবু জাহিদ সোহাগ বলেন, গাড়িটি তাঁর নয়। তাঁর ঘেরের পাশে বাসি ইলিয়াস নামের একজন গাড়িটি কিনেছেন। তিনি আরও দাবি করেন, গাড়িটি তিনি ব্যবহারও করেননি।
১০৮ বার পড়া হয়েছে