স্বামীকে কিডনি দিলেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পালের চিকিৎসায় এই সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হয়েছে এই শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার।
ভালোবাসা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার শিক্ষক দম্পতি মন্দিরা রানী পাল ও সুদাম পাল। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী মন্দিরা রানী।
মন্দিরা রানী পাল কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর স্বামী সুদাম পাল উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক।
সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিয়ে করেন সুদাম ও মন্দিরা। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটির মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দেয়।
দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা তাঁর কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। তবে বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী।
স্বামীর প্রতি গভীর ভালোবাসা থেকে মন্দিরা বলেছিলেন, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’
বর্তমানে ভারতে অবস্থানরত মন্দিরা রানীর ভাই ও সুদাম পালের শ্যালক সবুজ কুমার পাল জানান, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়।
হাসপাতালের ইউরোলজি, কিডনি প্রতিস্থাপন, রোবোটিক ও ইউরো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চিকিৎসক অনন্ত কুমারের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে তাঁদের চিকিৎসা ও প্রয়োজনীয় পর্যবেক্ষণ চলে।
সব প্রস্তুতি শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে মন্দিরা রানী ও সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ত্রোপচার চলছিল।
এদিকে স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গৌরনদীজুড়ে ব্যাপক আলোচনা ও প্রশংসার সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিক্ষক দম্পতির এই আত্মত্যাগকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
পাশাপাশি তাঁদের দ্রুত সুস্থতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে।
১২২ বার পড়া হয়েছে