কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার
সোমবার, ২৯ জুন, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক ও শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে একই ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (ফাহিম) বহিষ্কৃত না হওয়ায় ভুক্তভোগীর পরিবার অসন্তোষ প্রকাশ করেছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সাংবাদিক ও শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
রোববার বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদের অনুমোদনক্রমে বেল্লাল হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় একটি মোবাইল ফোনের দোকানে অবস্থান করছিলেন নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন। অভিযোগ অনুযায়ী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (ফাহিম) এবং বেল্লাল হোসেনের নেতৃত্বে কয়েকজন তাঁকে দোকান থেকে বাইরে ডেকে নিয়ে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্রথম দফায় মারধরের পর তিনি দোকানের ভেতরে আশ্রয় নিলে আবারও তাঁকে বাইরে এনে মারধর করা হয়। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
বর্তমানে মো. মোয়াজ্জেম হোসেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হলেও একই ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (ফাহিম)-এর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা না নেওয়ায় ভুক্তভোগীর পরিবার অসন্তোষ প্রকাশ করেছে।
ঘটনার পর কলাপাড়া প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি এবং কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানায়। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
১১৪ বার পড়া হয়েছে