সর্বশেষ

গণমাধ্যম

পরিবেশ সাংবাদিকতায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন মাহমুদ সোহেল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ পেয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল)। তিনি গাজী টেলিভিশনের (জিটিভি) বার্তা সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা তৈরিতে অবদানের জন্য সাংবাদিক মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল) ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ পেয়েছেন।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ আন্দোলন’-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য দেন নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের চেয়ারম্যান ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান ও অধ্যাপক ড. মো. ফরহাদুর রেজা, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, জাস্ট এনার্জি ট্রানজিশনের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ এবং সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নগর পরিবেশবিদ আবু জোবায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির, মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী প্রধান আহসান রনি, সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল, দ্য আম্পায়ার বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান হোসাইন বাবু, মাতৃভূমি গ্রুপের অর্থ পরিচালক মো. ফিরোজ আলম এবং বিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম রবি।

অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা তৈরিতে বিশেষ অবদানের জন্য সাতটি প্রতিষ্ঠান ও বিশিষ্ট নাগরিককে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ দেওয়া হয়। গণমাধ্যমে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জনসচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে আরও দুই সাংবাদিকের সঙ্গে এ সম্মাননা পান মাহমুদ সোহেল।

প্রায় ২৩ বছরের সাংবাদিকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রিপোর্টিংয়ের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন মাহমুদ সোহেল। দীর্ঘ এই সময়ে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন ও ডিজিটাল—গণমাধ্যমের বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি।

দিগন্ত টেলিভিশন, এসএটিভি, এটিএন নিউজ ও আজকের পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশ টিভির অনলাইন ইনচার্জ এবং গাজী টেলিভিশনের ডিজিটাল প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি গাজী টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার দীর্ঘ পথচলায় অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন করতে গিয়ে বিভিন্ন সময়ে মামলা, হয়রানি ও নানা ধরনের চাপের মুখোমুখি হয়েছেন মাহমুদ সোহেল। দুর্নীতিবিষয়ক একটি সংবাদ প্রকাশের জেরে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির করা মামলায় তাঁকে একাধিকবার রংপুর আদালতে হাজিরা দিতে হয়েছে।

তবে নানা প্রতিকূলতা ও পেশাগত চ্যালেঞ্জের মধ্যেও মাঠপর্যায়ের সাংবাদিকতা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অবস্থান থেকে সরে আসেননি তিনি। সহকর্মীদের কাছে তিনি সাহসী, সৎ ও আপসহীন সাংবাদিক হিসেবে পরিচিত।

সাংবাদিকতার পাশাপাশি মাহমুদ সোহেল পরিবেশবাদী সংগঠন মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের (এমজেএন) সাবেক সভাপতি। তিনি ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন