মঙ্গলবার রাত থেকে শিল্পে আগের মতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের শিল্প-কলকারখানায় নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে আগের মতো সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার রাত থেকেই পরিস্থিতি আগের অবস্থায় ফিরবে বলে ব্যবসায়ী নেতাদের জানিয়েছেন তিনি।
দেশের শিল্প-কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে তৈরি হওয়া সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার রাত থেকেই শিল্পে আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
মো. ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের সেই অবস্থায় ফিরে যেতে পারব।’
তিনি বলেন, ‘এটা আমাদের মনে হয় আজকের বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।’
তবে ‘আগের অবস্থায় ফিরে যাওয়া’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী নেতারাও নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফজলুল হক বলেন, আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছে, তার আগের অবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে উৎপাদন ব্যাহত হওয়ার অভিযোগ করে আসছিলেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে শিল্পের স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে জ্বালানি সরবরাহ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।
১৩৮ বার পড়া হয়েছে