মুন্সীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সোমবার সকালে পরিদর্শনের সময় তিনি শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও সরকারি সেবা স্বচ্ছতার সঙ্গে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা।
পরিদর্শনের শুরুতেই জেলা প্রশাসক সদর উপজেলার পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় যান। সেখানে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
এরপর তিনি মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে কোমলমতি শিক্ষার্থীদের জন্য প্রস্তুতকৃত মিড-ডে মিলের গুণগত মান নিজেই যাচাই করেন জেলা প্রশাসক। একই সাথে শিশুদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে বিদ্যালয়ের সংশ্লিষ্টদের তাগিদ দেন।
একই দিনে তিনি পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও পঞ্চসার ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সরকারি সেবার মান যাচাই করেন। সেখানে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সব ধরনের সরকারি সেবা পৌঁছে দিতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
১০৭ বার পড়া হয়েছে