চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার, ৮ পদে লড়ছেন ১৪ প্রার্থী
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা আগামীকাল শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৮টি পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উৎসবমুখর পরিবেশে ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই চাটমোহর প্রেসক্লাব নির্বাচনের ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
এই নির্বাচনে গুরুত্বপূর্ণ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক ইত্তেফাকের হেলালুর রহমান জুয়েল এবং দৈনিক আমার দেশের রকিবুর রহমান টুকুন। সহ-সভাপতি পদের দুই প্রার্থী হলেন এম এ জিন্নাহ ও সালাহ উদ্দিন খান সোহেল। এছাড়া সাধারণ সম্পাদক পদে সাবেক সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক (মানবজমিন) এবং শামীম হাসান মিলন (সমকাল) মুখোমুখি লড়াইয়ে নেমেছেন।
অন্যান্য পদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম (নয়া দিগন্ত) ও আব্দুল লতিফ রঞ্জু (কালের কণ্ঠ) এবং অর্থ সম্পাদক পদে সাবেক অর্থ সম্পাদক জাকির সেলিম ও সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী কমিটির তিনটি সদস্য পদের বিপরীতে লড়াই করছেন চারজন প্রার্থী। তারা হলেন বিপ্লব আচার্য্য, শাহীনুর রহমান শাহীন (চ্যানেল২৪), এস এম মাসুদ রানা (সংবাদ) ও জাহাঙ্গীর আলম (ইনকিলাব)।
এদিকে, নির্বাচন কমিশন ইতিমধ্যে তিনজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন দপ্তর সম্পাদক পদে শুভাশীষ ভট্টাচার্য তুষার, প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান শিমুল এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল।
ভোটগ্রহণের সার্বিক দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান পলাশ। তাকে সহযোগিতার জন্য নির্বাচন কমিশনে রয়েছেন রাজিউর রহমান রুমী, জাহাঙ্গীর আলম, দেওয়ান জামিউল ইসলাম কাবলী ও ইকবাল কবির রনজু। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিয়া। চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণের আগে ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
১১৮ বার পড়া হয়েছে