নকলমুক্ত শিক্ষাব্যবস্থার পাশাপাশি মানোন্নয়নেও জোর: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নকল প্রতিরোধ এখন কার্যত নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সরকার এখন শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বরিশাল অঞ্চলের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানেও সরকার গুরুত্ব দিচ্ছে।
সভায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা, শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিলুল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, ডিআইজি মোস্তাফিজুর রহমান, উজিরপুর-২ আসনের সংসদ সদস্য এস এম সরফুদ্দিন সন্টু, বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইউনুস আলী সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১৭ বার পড়া হয়েছে