সিরাজগঞ্জে অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
অপপ্রচার, সন্ত্রাস ও নৈরাজ্যকর রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচিটি শেষ হয় পৌর মুক্তমঞ্চে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে পৌর ভাসানী মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকার পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও সাফি ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ অন্যান্য নেতারা।
বক্তারা অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান। কর্মসূচিতে পৌর, সদর উপজেলা ও জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
১১৮ বার পড়া হয়েছে