সর্বশেষ

সারাদেশ

বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

সোমবার, ২২ জুন, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দীর্ঘদিন আগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।

বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর এলাকায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই উদ্যোগ বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে উত্তরাঞ্চলের অনেক শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য দেশের বিভিন্ন শহরে যেতে হচ্ছে, যা তাঁদের ও পরিবারের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

বক্তাদের মতে, জামালপুর এলাকার ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক পরিবেশ এবং উন্নত যোগাযোগব্যবস্থা একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযোগী। তাঁরা বলেন, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ, সম্ভাব্য রেলস্টেশন এবং পল্লী উন্নয়ন একাডেমির নিকটবর্তী অবস্থান এই এলাকাকে শিক্ষা ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে।

সমাবেশে অংশগ্রহণকারীরা দাবি করেন, এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, আবাসন, পরিবহন ও সেবাখাতের উন্নয়ন ঘটবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বক্তারা আরও জানান, সম্প্রতি রাজনৈতিক নেতা তারেক রহমান বগুড়া সফর শেষে ফেরার পথে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। এ ছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন বলে তাঁরা উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শাহজাহানপুর উপজেলার জামালপুর এলাকাতেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার দাবি জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা–সংক্রান্ত যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন